খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, রাতেই যাবে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স
প্রতিবেদনকারি: বিডিএস বুলবুল আহমেদ
ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৫:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ডা. জাহিদ জানান, “বেগম খালেদা জিয়াকে আজ (বৃহস্পতিবার) রাতের মধ্যেই অথবা আগামীকাল (শুক্রবার) সকাল নাগাদ লন্ডনে নেওয়া হবে। সেখানে তার চিকিৎসার জন্য একটি হাসপাতাল ইতোমধ্যে ঠিক করা হয়েছে।”
এদিকে, দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা সমস্যাসহ বিভিন্ন জটিলতায় ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। ১২ দিন ধরে হাসপাতালে ভর্তি থাকা সাবেক প্রধানমন্ত্রী ৮ দিন সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন।
ডা. জাহিদ আরও বলেন, “ফুসফুসে স্বাভাবিকভাবে বাতাস চলাচল করানোর জন্য মেকানিক্যাল ভেন্টিলেশন রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিডনি কার্যক্রম সচল রাখতে এদিন বিকালে ডায়ালাইসিস করা হয়েছে।”
এদিকে, বুধবার রাতে খালেদা জিয়াকে দেখতে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
খালেদা জিয়া ২৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং ২৭ নভেম্বর থেকে তিনি হাসপাতালের সিসিইউতে রয়েছেন।
সূত্র:
এভারকেয়ার হাসপাতাল, ঢাকা
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |