রিয়াল মাদ্রিদের দুর্দান্ত জয়, পয়েন্ট টেবিলে বার্সার সমতা
লা লিগায় ঘরের মাঠে দুর্দান্ত এক জয় পেল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনাকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে বার্সেলোনার সঙ্গে সমতা আনলো কার্লো আনচেলত্তির দল।
চলতি মাসে লা লিগায় আগের তিনটি ম্যাচে জয়শূন্য ছিল রিয়াল মাদ্রিদ। এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে হারের পর অ্যাটলেটিকো মাদ্রিদ ও ওসাসুনার সঙ্গে ড্র করেছিল তারা। তবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় টানা তিনটি ম্যাচ জয়ের পর এবার ঘরোয়া লিগেও দারুণভাবে ফিরলো লস ব্লাঙ্কোসরা।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুটা ধীরগতির ছিল রিয়াল মাদ্রিদের। পরিচিত আক্রমণাত্মক খেলা দেখা যাচ্ছিল না আনচেলত্তির দলের কাছ থেকে। তবে বিরতির ঠিক আগে, ৪১তম মিনিটে কর্নার থেকে আসা বলে দুর্দান্ত ভলি শটে গোল করেন ক্রোয়াট তারকা লুকা মডরিচ। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার অব্যাহত রাখে রিয়াল মাদ্রিদ। ৮০তম মিনিটে দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে, কিন্তু তার শট ফিরিয়ে দেন জিরোনার গোলরক্ষক। তবে ৮৩তম মিনিটে এমবাপ্পের পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন ভিনিসিয়ুস জুনিয়র। ফলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
এই জয়ে ২৫ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট থাকলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় বার্সেলোনা রয়েছে শীর্ষে। শিরোপার লড়াইয়ে ফেরার ক্ষেত্রে এই জয় বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে লস ব্লাঙ্কোসদের জন্য।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |