প্রবাসী শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিতের আহ্বান জানালেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ
প্রবাসী শ্রমিকদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার মতে, এই বিশাল জনগোষ্ঠী দেশের অর্থনীতিতে অবদান রাখলেও তারা এখনও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে বঞ্চিত।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে রাজধানীর বাংলামটরে মে দিবস উপলক্ষে এনসিপির শ্রমিক উইং আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
সভায় হাসনাত বলেন, “শ্রমিকদের অধিকারের জায়গা আমরা এখনও প্রতিষ্ঠিত করতে পারিনি। তারা শুধুই সংখ্যায় রয়ে গেছে। তাদের মর্যাদা ও অধিকার এখনো বাস্তবায়ন হয়নি। প্রবাসীরা দেশের রেমিট্যান্সের মূল চালিকা শক্তি হলেও ভোটের মতো একটি মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত। আমরা চাই, প্রবাসী শ্রমিকরাও যেন নাগরিক হিসেবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।”
তিনি আরও বলেন, “দেশে ফিরে অনেক প্রবাসী পরিবারে বোঝা হয়ে পড়ে। অথচ তাদেরই রেমিট্যান্সে দেশের অর্থনীতি চাঙ্গা থাকে। তারা দেশের উন্নয়নের অংশীদার হলেও রাজনৈতিক ক্ষমতা নির্ধারণে তাদের অংশগ্রহণ নেই। এটা বৈষম্যের শামিল।”
হাসনাত মনে করেন, যারা প্রবাসে থেকে দেশের জন্য অর্থ পাঠাচ্ছেন, তাদেরকেও দেশের সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত করা উচিত। তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা আগামী নির্বাচনে প্রবাসী শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ নিন। প্রযুক্তি ও অনলাইন সিস্টেমের এই যুগে এটি আর অসম্ভব নয়।”
সভায় উপস্থিত অন্যান্য নেতারাও শ্রমিকদের অধিকার, স্বাস্থ্য সুরক্ষা ও ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবিতে বক্তব্য রাখেন। তারা বলেন, প্রকৃত অর্থে শ্রমিকবান্ধব বাংলাদেশ গড়তে হলে নীতিনির্ধারক মহলের সদিচ্ছা এবং কার্যকর পদক্ষেপই সবচেয়ে জরুরি।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |